মিথ্যা মামলা দিয়ে কলম থামানো যাবে নাঃ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন, শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি


বার্তা বিভাগ প্রকাশের সময় : মে ২৩, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ /
মিথ্যা মামলা দিয়ে কলম থামানো যাবে নাঃ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন, শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার দাবি

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদ এবং শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন।
মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক আজিবার রহমান, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, সাংস্কৃতিক কর্মী ওয়ালিউল রহমান বাবু, আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি, শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান ও দপ্তর সম্পাদক সৈকত পারভেজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে গোলাম মোস্তাফা মামুন বলেন, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় ঈদুল আজহার পর বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
তিনি অভিযোগ করে বলেন, দেশে সাংবাদিক নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। সম্পাদক পরিষদের তথ্যমতে, বিভিন্ন হত্যা মামলাসহ নানা মামলায় ২৮২ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, যার মধ্যে ৯৪ জন হত্যা মামলার আসামি। গত ১৫ বছরে ৬১ জন সাংবাদিক নিহত এবং ৩ হাজার ৫৮৮ জন নির্যাতনের শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
বক্তারা বলেন, শিশু রামিসাসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তারা।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, শিশু হত্যার ঘটনাগুলোর দ্রুত বিচার হলে মানুষের আইনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, রাজশাহীতে প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা মামলা, হামলা ও হয়রানির ঘটনা বাড়ছে। কিছু অসাংবাদিক ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য সাংবাদিক পরিচয় ব্যবহার করে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং প্রকৃত সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও বিএনপির দুই নেতার বিরুদ্ধে দায়ের করা কথিত অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা জানান। তাদের দাবি, সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক চর্চার জন্য হুমকিস্বরূপ।
তারা বলেন, “সত্য প্রকাশে বাধা দিতেই সাংবাদিকদের ভয়ভীতি ও হয়রানির শিকার হতে হচ্ছে। কিন্তু মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম থামানো যাবে না।”
মানববন্ধন থেকে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন, সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
এসময় রাজশাহী প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, অনলাইন সাংবাদিক ফোরাম, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।