
রাজশাহী ব্যুরো: নাটোর সদর উপজেলার বড় হরিশপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে শফিকুল ইসলাম (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
মঙ্গলবার (২ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে তার বোন মছিরনের বাড়ির উঠানে মরদেহটি পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
স্বজনদের ভাষ্য, সকালে ঘরের দরজা খুলে বাইরে বের হয়ে তারা শফিকুল ইসলামের নিথর দেহ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের ছেলে রুবেল জানান, সোমবার রাত প্রায় ১১টার দিকে তিনি শেষবারের মতো তার বাবাকে দেখেছিলেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি অভিযোগ করেন, জমিজমা নিয়ে তার বাবার সঙ্গে ফুফুদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :