
দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালখালী বাজারের সেলিম স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—রাঙ্গামাটি জেলার সাজেকের বাঘাইহাট গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. সাইফুল ইসলাম (২৬), খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কারবারীপাড়ার হেমান্দ্র ত্রিপুরার ছেলে কাকো মনি ত্রিপুরা (৩৫) এবং বোয়ালখালী পুরাতন বাজার এলাকার রমজান আলীর ছেলে আবু তৈয়ব (৩৮)।
খাগড়াছড়ি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ডিবি পুলিশের ওসি আরও বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :