খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২৬, ১:১৮ পূর্বাহ্ন /
খাগড়াছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীসহ নিহত ৩

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি ও সদর উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসব ঘটনা ঘটে।

মহালছড়ি উপজেলার মাইছছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার এলাকার দেবতা পুকুর এলাকায় বজ্রপাতে নিহত হয়েছেন উচিংমং মারমা (৫৫) ও তার স্ত্রী হ্লাপাই মারমা (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছিল। এ সময় উচিংমং মারমা ও হ্লাপাই মারমা নিজ বাড়ির বাইরে বৃষ্টির পানিতে গোসল করতে গেলে আকস্মিক বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মাইছছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজাই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউনিয়নের ২৫ পরিবার এলাকায় বজ্রপাতে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে বজ্রপাতে মহালছড়ি উপজেলায় বিদ্যুতের সাতটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে পুরো উপজেলা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিনও ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে একই সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে মঙ্গল শোভা চাকমা (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. কায় কিসলু জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মঙ্গল শোভা চাকমা বাড়ির উঠানে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর উপজেলার সহকারী কমিশনার (ভারপ্রাপ্ত ইউএনও) নুসরাত জাবীনও নোয়াপাড়া এলাকায় বজ্রপাতে একজন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ নিয়ে একই সন্ধ্যায় খাগড়াছড়ির দুই উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় স্বামী-স্ত্রীসহ মোট তিনজনের মৃত্যু হলো।