
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে তীব্র বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও এবং স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালনের কথা জানিয়েছেন তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবিতে স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মসূচি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, রিপন আলীসহ অন্যরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে চাঁপাইনবাবগঞ্জে অনিয়মিত ও অতিরিক্ত লোডশেডিং চলছে। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক সমস্যা তৈরি হচ্ছে।
বিশেষ করে পলিটেকনিক ইনস্টিটিউটে বর্তমানে পর্ব সমাপনী পরীক্ষা চলায় বিদ্যুৎ সংকট নিয়ে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে। দিনের পাশাপাশি রাতেও বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে জানান তারা।
শিক্ষার্থীদের ভাষ্য, বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু শিক্ষা প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নয়। হাসপাতাল ও চিকিৎসাসেবা, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমও এতে বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শহর ও গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
শিক্ষার্থীদের আট দফা দাবি
বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে শিক্ষার্থীরা আটটি দাবি জানিয়েছেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. বারঘরিয়া ও পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অযৌক্তিক লোডশেডিং বন্ধ করা।
২. পর্ব সমাপনী পরীক্ষা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৩. লোডশেডিংয়ের সঠিক ও প্রকাশ্য সময়সূচি প্রকাশ করা।
৪. প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
৫. বারঘরিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা।
৬. পলিটেকনিক ইনস্টিটিউটের বিদ্যুৎ সংযোগ পিডিবি অথবা নেসকোর আওতায় আনা।
৭. বারঘরিয়া পলিটেকনিক সংলগ্ন ৪ নম্বর ফিডারের প্রয়োজনীয় বিদ্যুৎ সক্ষমতা বৃদ্ধি করা।
৮. শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
শিক্ষার্থীরা জানান, চলমান পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে পরবর্তী সময়ে আরও কর্মসূচি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
এদিকে ঘোষিত কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
আপনার মতামত লিখুন :