দুর্গাপুরের যুবকসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কাটাখালীতে র‍্যাবের অভিযানে উদ্ধার ২০ কেজি গাঁজা


বার্তা বিভাগ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ /
দুর্গাপুরের যুবকসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কাটাখালীতে র‍্যাবের অভিযানে উদ্ধার ২০ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক,রাজশাহীঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন রাজশাহীর দুর্গাপুর উপজেলার বাসিন্দা।
রোববার (২৬ জুলাই) র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার পানিশ্বর এলাকার মিলন মিয়ার ছেলে মো. রবিউল্লাহ (৩০) এবং রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কুহাড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. জনি মাহমুদ (৩০)।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ৩৫ মিনিটে র‍্যাব-৫-এর একটি আভিযানিক দল কাটাখালী থানার কাজিরপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের কাছে থাকা বস্তা তল্লাশি করে ২০ কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে এনে বিক্রি করতেন। দীর্ঘদিন ধরে তারা পরস্পরের সহযোগিতায় এই মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল বলেও স্বীকার করেছেন।
র‍্যাব-৫ আরও জানায়, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রাজশাহী অঞ্চলে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।