
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় চিংড়িতে জেলি মিশিয়ে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত পুঠিয়ার কাউন্সিল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
অভিযান চলাকালে চিংড়িতে জেলি মেশানোর বিষয়টি ধরা পড়লে ব্যবসায়ী সদানন্দ হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি মৃত ব্রজনাথ হালদারের ছেলে। পরে তাঁর কাছ থেকে জেলি মিশ্রিত ১০ কেজি চিংড়ি জব্দ করে তা নষ্ট করা হয়।
অভিযান সংশ্লিষ্টরা বলেন, চিংড়িসহ বিভিন্ন খাদ্যপণ্যে জেলি বা অন্য কোনো ভেজাল উপাদান মেশানো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিরাপদ খাবার ভোক্তাদের নানা স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে।
জনস্বার্থে ভেজাল ও অনিরাপদ খাদ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের আইন মেনে চলার পাশাপাশি ভোক্তাদেরও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :