
আনোয়ার হোসেন (লিটন), নিয়ামতপুর,নওগাঁঃ
নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামে এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সজল মালি ওই গ্রামের জিতেন মালির ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সজল মালির স্ত্রী দুলালী মালির সঙ্গে প্রতিবেশী মুক্তি মালির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মুক্তি মালীর পক্ষ নিয়ে মন্ডলী মালী ও মালা মালী নামে আরও দুই নারী সেখানে এগিয়ে আসেন।
কথা-কাটাকাটির একপর্যায়ে ওই তিন নারী সজল মালির স্ত্রীকে মারধর শুরু করেন। স্ত্রীকে মারধর করতে দেখে সজল মালি ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন।
এ সময় মুক্তি মালী মাটিতে পড়ে থাকা আমগাছের একটি ডাল দিয়ে সজল মালিকে আঘাত করেন। পরে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার পর নিহত সজল মালির স্ত্রী বাদী হয়ে থানায় হত্যা মামলার আবেদন করেন।
নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা আবু তালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন নারীকে হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এসএনএ/রবিউল
আপনার মতামত লিখুন :