
দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
চূড়ান্ত ফলাফলে আবেদনকারীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে নির্বাচিত, সংরক্ষিত ও অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশ সংক্রান্ত তালিকায় স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম. রাকিবুল ইউসুফ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মহিদুল ইসলাম এবং উপজেলা আইসিটি অফিসার মেহেদী হাসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় বাস্তবায়িত ফ্যামিলি কার্ড শুমারি তথ্যভাণ্ডার কর্মসূচির আওতায় দুর্গাপুর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নে তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।
এ লক্ষ্যে আবেদনকারীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই-বাছাই শেষে কয়েক ধাপে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবী ‘তথ্য সংগ্রহকারী’ ও ‘সুপারভাইজার’ পদে প্রথম পর্যায়ের নিয়োগ পরীক্ষা গত ২৫ জুলাই (শনিবার) সকাল ১১টায় দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে দ্বিতীয় পর্যায়ের নিয়োগ পরীক্ষা ২৮ জুলাই (মঙ্গলবার) বিকেল ৩টায় একই শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্যায়ের ব্যবহারিক পরীক্ষার পর একই দিন মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এছাড়া প্রথম পর্যায়ের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ আগস্ট।
দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, সরকারি নীতিমালা ও বিধি মোতাবেক যাচাই-বাছাই এবং পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :