স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন /

নওগাঁ প্রতিনিধিঃ “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে রবিবার এ কর্মসূচির সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে অংশ নেওয়া প্রত্যেককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়।
এরপর বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম (পিপিএম), রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, নার্সারি মালিক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ষাকাল বৃক্ষরোপণের সবচেয়ে উপযুক্ত সময়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বনজ, ফলদ ও পরিবেশবান্ধব গাছ লাগাতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ বাড়াতে এ ধরনের মেলার আয়োজন আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
মেলায় মোট ৪৪টি স্টল অংশ নিয়েছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ বৃক্ষ মেলা চলবে।