নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ২, ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন /
নিখোঁজের দুই দিন পর দুর্গাপুরের বিলে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর একটি বিল থেকে রেজাউল করিম (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হাটকানপাড়া এলাকায় বিদ্যুৎ অফিসের উপকেন্দ্রের পশ্চিম পাশে তানজিমুল কুরআন নূরানী হাফেজিয়া মাদ্রাসার সংলগ্ন একটি বিলে স্থানীয় কৃষকরা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত রেজাউল করিম রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙা ইউনিয়নের ভরট্ট গ্রামের বাসিন্দা। তিনি মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় গ্রাম পুলিশ সদস্য বাবুল হোসেন জানান, জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক মরদেহটি দেখতে পান। পরে তারা তাকে বিষয়টি অবহিত করলে তিনি থানায় খবর দেন।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মজিদ বলেন, স্থানীয়দের ৯৯৯-এ দেওয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ঘটনাস্থলেই নিহতের এক স্বজনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে নিহতের চাচাতো ভাই আব্দুর রাজ্জাক জানান, রেজাউল করিম মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত বৃহস্পতিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে দুই দিন পর দুর্গাপুরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।