গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৬, ৮:৫৫ পূর্বাহ্ন /
গোমস্তাপুর সীমান্তে সাড়ে ৫ লাখ ভারতীয় বিড়ি উদ্ধার, জব্দ ইঞ্জিনচালিত নৌকা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
রোববার (৯ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর থানার চাড়ালডাংগা বিওপির আওতাধীন বড়বিল এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, চাড়ালডাংগা বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. আকরাম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল বড়বিল এলাকায় অভিযান পরিচালনা করে। টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কোনো মালিকের উপস্থিতি ছাড়াই ৫ লাখ ৫৯ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি ও একটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। এরপর জব্দ করা হয় এসব চোরাচালানি পণ্য ও নৌকাটি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা বিড়ি ও নৌকাটি গোমস্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অবস্থান সম্পর্কে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধভাবে সীমান্ত পারাপার, মাদক ও গরু পাচারসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে এবং এ বিষয়ে কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।