
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ ঘটনায় ৬৮ বোতল এসকাফ সিরাপসহ মো. রাজিব আলী (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানে আরও ৮২ বোতল সিরাপ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত থেকে শনিবার (৮ আগস্ট) ভোররাত পর্যন্ত শিবগঞ্জ সীমান্তের কয়লাবাড়ী ও আজমতপুর এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সোনামসজিদ ও আজমতপুর বিওপির বিজিবি সদস্যরা।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের এক পর্যায়ে ৬৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব আলীকে আটক করা হয়। একই সময়ে সীমান্তের পৃথক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৮২ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
আটক রাজিব আলী মো. আজিজুল হকের ছেলে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধেও প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ৫৯ বিজিবি।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আপনার মতামত লিখুন :