
শাহিনুর সুজনঃ মানুষের প্রয়োজনে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন রাজশাহীর পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ সুমিত। সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে কিডনি রোগে আক্রান্ত এক অসচ্ছল ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়ে তিনি মানবিক দায়িত্ববোধের অনন্য নজির স্থাপন করেছেন।
জানা গেছে, নওগাঁ জেলার আত্রাই উপজেলার বাসিন্দা শামসুর রহমান দীর্ঘদিন ধরে জটিল কিডনি রোগে ভুগছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা ও ওষুধ চালিয়ে যেতে হলেও অর্থাভাবের কারণে তা সম্ভব হচ্ছিল না। পরিবারের সীমিত আয়ে চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ায় একসময় চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দেয়।
এমন পরিস্থিতির খবর পেয়ে কোনো ধরনের আনুষ্ঠানিকতার অপেক্ষা না করে নিজস্ব উদ্যোগে রোগীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন পুঠিয়ার এসিল্যান্ড শিবু দাশ সুমিত। তাঁর এই সহযোগিতায় রোগী ও স্বজনদের মাঝে নতুন করে চিকিৎসা চালিয়ে যাওয়ার আশাবাদ তৈরি হয়েছে।
এ বিষয়ে শিবু দাশ সুমিত বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমার সামান্য সহযোগিতা যদি একজন অসহায় মানুষের কষ্ট কিছুটা লাঘব করতে পারে, সেটিই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অর্থের অভাবে কোনো রোগীর চিকিৎসা থেমে থাকবে না।”
তিনি আরও বলেন, সরকারি দায়িত্বের পাশাপাশি সমাজের প্রতি মানবিক দায়বদ্ধতা পালনের দায়িত্বও সবার রয়েছে। সম্মিলিত উদ্যোগই অসহায় মানুষের জীবন রক্ষায় সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শিবু দাশ সুমিতের এই মানবিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, একজন সরকারি কর্মকর্তার এমন উদ্যোগ শুধু একজন রোগীর জন্য সহায়তাই নয়, বরং সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি ইতিবাচক উদাহরণ। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।
আপনার মতামত লিখুন :