চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় মধ্যরাতের অভিযান, ৮ জনের জেল-জরিমানা


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন /
চাঁপাইনবাবগঞ্জে অবৈধ সীসা কারখানায় মধ্যরাতের অভিযান, ৮ জনের জেল-জরিমানা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরলা ফুলতলা এলাকায় পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণভাবে পরিত্যক্ত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের অভিযোগে একটি অবৈধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৯টা থেকে বুধবার (৫ আগস্ট) রাত দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ। পরিবেশ অধিদপ্তর, নেসকো এবং সদর মডেল থানা পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে দেখা যায়, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদন করা হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক আবু সাঈদ-এর দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে ৮ জনকে এক থেকে তিন মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড করা হয়।
পুনরায় যেন কারখানাটি অবৈধ কার্যক্রম চালাতে না পারে, সে জন্য নেসকো-১-এর সহায়তায় সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সদর মডেল থানা পুলিশের দুটি টিম দায়িত্ব পালন করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকরামুল হক নাহিদ বলেন, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেকোনো অবৈধ শিল্পকারখানার বিরুদ্ধে প্রশাসনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চলবে। পরিবেশ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।