
রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর দুর্গাপুরে গভীর রাতে ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে ঘুমন্ত এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার পর আত্মগোপনে থাকা মো. সাকবর আলী (৫০) নামে এক ব্যক্তিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, শনিবার (৮ আগস্ট) রাত ১০টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসি, র্যাব-৫-এর একটি বিশেষ আভিযানিক দল দুর্গাপুর থানার তেওরকুড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাকবর আলীকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, ৪৬ বছর বয়সী ওই নারী তার শিশুসন্তানকে নিয়ে রাতে নিজ শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় সাকবর আলী ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, ঘরে প্রবেশের পর সাকবর ওই নারীকে জড়িয়ে ধরেন এবং তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী চিৎকার শুরু করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে ভুক্তভোগীর স্বামী ঘুম থেকে জেগে উঠলে পরিস্থিতি বুঝতে পেরে সাকবর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ঘটনার পর বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষ থেকে দুর্গাপুর থানায় মামলা করা হয়। থানার মামলা নং-০৮, তারিখ ৫ আগস্ট ২০২৬। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
মামলা হওয়ার পর সাকবর আলী আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে র্যাব-৫ গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্তের চেষ্টা চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তেওরকুড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৫ জানিয়েছে, গ্রেপ্তার সাকবর আলীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :