
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে জাল বিদেশি মুদ্রা তৈরির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিভিন্ন দেশের জাল মুদ্রার ২৫ বান্ডিলসহ নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-বালুবাগান এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকার মনিরুল ইসলামের ছেলে তসিকুল ইসলাম এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিমোড় এলাকার সাইদুর রহমানের ছেলে শামীম আলী।
র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আরামবাগ-বালুবাগান এলাকার একটি তিনতলা বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বাড়িটির একটি অংশ থেকে বিভিন্ন দেশের জাল মুদ্রার ২৫ বান্ডিল এবং জাল নোট তৈরিতে ব্যবহৃত নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তসিকুল ইসলাম ও শামীম আলীকে আটক করা হয়।
র্যাবের দাবি, আটক দুজন জাল বিদেশি মুদ্রা তৈরির কাজে জড়িত ছিলেন। দীর্ঘদিন ধরে ওই বাড়িটিকে জাল মুদ্রা তৈরির কারখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব কর্মকর্তা ইফতেখার হোসেন মাহমুদ জানান, জাল মুদ্রা তৈরির সঙ্গে জড়িত মূল ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :