শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক


স্টার নিউজ এজেন্সি প্রকাশের সময় : অগাস্ট ৩, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন /
শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী আটক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান পরিচালনা করে। স্থানটি সীমান্তের মেইন পিলার ১৮৪ থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযান চলাকালে উত্তর ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুস সালাম (৪০)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জব্দ করা ইয়াবা, মোটরসাইকেল ও মোবাইল ফোনসহ তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।