সর্বশেষ :

নফল ইবাদতে মগ্ন হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, চাইলেন ক্ষমা


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬ । ৩:৫৪ অপরাহ্ণ
নফল ইবাদতে মগ্ন হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী, চাইলেন ক্ষমা

পবিত্র রমজানের শেষ দশকে আধ্যাত্মিক সাধনা ও নফল ইবাদতে মগ্ন হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আত্মিক সফরের সূচনালগ্নে নিজের অতীতের সব অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। একই সাথে ভবিষ্যতে ব্যক্তিগত আক্রমণ ও অপ্রয়োজনীয় কথা পরিহার করার জোরালো প্রতিশ্রুতি দিয়েছেন এই তরুণ রাজনীতিক।

আজ বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এই ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, এখন থেকে তিনি আরও শান্ত ও গঠনমূলক রাজনীতিতে মনোনিবেশ করতে চান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।”

জুলাই গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপির এই নেতা ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত। বিশেষ করে নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে কঠোর ও আক্রমণাত্মক বক্তব্যের কারণে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন।

নিজের ভুল স্বীকার করে তিনি পোস্টে আরও উল্লেখ করেন, “গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিক–নির্দেশনা পেয়েছি—ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।”

বিনয়ের সাথে এসব পরামর্শ গ্রহণ করে এখন থেকে আরও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করবেন বলে জানান এই তরুণ নেতা। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, রমজানের শুরু থেকেই দেশের বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহর নামাজ পড়ছেন নাসীরুদ্দীন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে ‘কিয়ামুল লাইলের’ মাধ্যমে তার এই নতুন আত্মিক যাত্রার সূচনা হয়েছে বলে তিনি পোস্টে উল্লেখ করেন।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: