বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রাজশাহী ব্যুরোঃ চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে **’চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’**র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেলেও এখনো টোল আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও অটোরিকশার যাত্রী ও চালকরা এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিনের যাতায়াতে অতিরিক্ত এই খরচ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে এই সেতুকে টোলমুক্ত করার দাবি জানান। অন্যথায় আগামীতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.