প্রকাশের সময় :
রাজশাহীতে প্রসূতি সেবায় যুক্ত হলো এক নতুন অধ্যায়। খ্রীষ্টিয়ান মিশন হাসপাতাল (সিএমএইচআর) কর্তৃপক্ষ সন্তান সম্ভাবা ও নতুন মায়েদের জন্য শারীরিক চিকিৎসার পাশাপাশি বিশেষ ‘সাইকোলজিক্যাল কাউন্সিলিং’ বা মানসিক স্বাস্থ্য সেবা চালু করেছে। মূলত মাতৃত্বকালীন সময়ে মায়েদের মানসিক চাপ মুক্ত রাখা এবং সুস্থ সন্তান জন্মদানের লক্ষে এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে নগরীর গ্র্যান্ড রিভার ভিউ হোটেলে আয়োজিত এক ‘মনো-দৈহিক’ চিকিৎসা বিষয়ক সেমিনারে এই সেবার আনুষ্ঠানিক দিকগুলো তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিএমএইচআর-এর বিশিষ্ট মনোবিজ্ঞানী বিপাশা ঘোষ। তিনি বলেন, “সন্তান গ্রহণের আগে ও পরে মায়েদের শারীরিক প্রস্তুতির চেয়ে মানসিক প্রস্তুতি কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয়। শুধুমাত্র শারীরিক সুস্থতা একটি সুস্থ প্রসবের জন্য যথেষ্ট নয়। অনেক সময় মানসিক উদ্বেগের কারণে মা ও শিশু উভয়েই ঝুঁকিতে থাকে। এই বিষয়টি বিবেচনা করেই আমরা বাংলাদেশে প্রথমবারের মতো রাজশাহীতে এই বিশেষ কাউন্সিলিং সেবা চালু করেছি।”
তিনি আরও জানান, এই সেবাটি একটি সুনির্দিষ্ট ‘ট্রিটমেন্ট প্ল্যান’-এর আওতায় অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই প্রদান করা হচ্ছে। গর্ভধারণের পূর্ব প্রস্তুতি নিচ্ছেন এমন নারী থেকে শুরু করে নতুন মায়েরা এই সেবা গ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের সিনিয়র কন্সাল্টেন্ট (এনেসথেসিয়া) ডাঃ সুজিত কুমার ভদ্র। তিনি মায়েদের স্বাস্থ্য সুরক্ষায় এই মনো-দৈহিক চিকিৎসার গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমএইচআর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা প্রদীপ চাঁদ মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্যে বোন এন্ড জয়েন্ট স্পেশালিস্ট অর্থোপেডিক সার্জন ডাঃ বি কে দাম বলেন, “একটি সুস্থ প্রজন্মের জন্য মায়ের মানসিক প্রশান্তি অপরিহার্য। সিএমএইচআর-এর এই উদ্যোগটি প্রসূতি সেবায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”
মোসা: সাইমা খাতুন বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান সময়ের প্রতিযোগিতামূলক ও যান্ত্রিক জীবনে গর্ভবতী মায়েরা প্রায়ই একাকিত্ব বা বিষণ্ণতায় ভোগেন। সিএমএইচআর-এর এই সাইক্লোজিক্যাল ট্রিটমেন্ট বা কাউন্সিলিং সেবা মায়েদের সকল প্রকার মানসিক চাপ থেকে রক্ষা করে আত্মবিশ্বাসী করে তুলবে।
রাজশাহীতে চালু হওয়া এই সেবাটি দেশের প্রসূতি চিকিৎসায় একটি ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।