বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি

বাবা-মায়ের কবর জিয়ারত করলেন রাষ্ট্রপতি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা পাবনায় বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৯ মার্চ) দুপুর পৌনে ১২টায় তিনি পাবনা সদর উপজেলার আরিফপুর কেন্দ্রীয় গোরস্থানে যান।

কবরস্থানে পৌঁছালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। এরপর তিনি মরহুম বাবা-মায়ের কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপতির পরিবারের সদস্য, ঘনিষ্ঠ স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে আরিফপুর গোরস্থান এলাকায় আগে থেকেই বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পুরো এলাকায় গড়ে তোলা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে ছিলেন।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি সেখানে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন। তাকে একনজর দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান এলাকাবাসী। দীর্ঘদিনের পরিচিত মানুষকে দেশের সর্বোচ্চ পদে আসীন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা।

জিয়ারত শেষে রাষ্ট্রপতি পাবনা সার্কিট হাউসে ফিরে যান। সূচি অনুযায়ী, আজ সন্ধ্যা ৭টায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে। এর আগে গতকাল শনিবার (২৮ মার্চ) চারদিনের সফরে পাবনায় পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.