সর্বশেষ :

কেনিয়ার দুই হাজার পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিক গ্রেফতার


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : মার্চ ১৮, ২০২৬ । ৪:৪১ অপরাহ্ণ
কেনিয়ার দুই হাজার পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিক গ্রেফতার

কেনিয়া থেকে দুই হাজারের বেশি জীবন্ত ‘কুইন গার্ডেন অ্যান্ট’ বা রানি পিঁপড়া পাচারের চেষ্টার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে বন্যপ্রাণী ও পতঙ্গ অবৈধ ব্যবসার অভিযোগে তার এক কেনীয় সহযোগীর বিরুদ্ধেও মামলা দায়ের করেছে দেশটির কর্তৃপক্ষ।

গত সপ্তাহে রাজধানী নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঝাং কেকুন নামের ওই চীনা নাগরিককে আটক করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার লাগেজে তল্লাশি চালিয়ে দুই হাজারেরও বেশি জীবন্ত রানি পিঁপড়া জব্দ করে নিরাপত্তা বাহিনী। প্রতিটি পিঁপড়াকে অত্যন্ত সুক্ষ্মভাবে আলাদা আলাদা টেস্ট টিউবে ভরে টিস্যু দিয়ে মুড়িয়ে রাখা হয়েছিল যাতে সেগুলো দীর্ঘ পথ পাড়ি দিলেও জীবিত থাকে।

মঙ্গলবার নাইরোবির একটি আদালতে শুনানির সময় জানানো হয়, ঝাং কেকুন এই পিঁপড়াগুলো তার কেনীয় সহযোগী চার্লস মওয়াঙ্গির কাছ থেকে সংগ্রহ করেছিলেন। প্রতি ১০০টি পিঁপড়ার জন্য তিনি ১০ হাজার কেনীয় শিলিং (প্রায় ৭৭ মার্কিন ডলার) পরিশোধ করেন। কেনীয় বন্যপ্রাণী কর্মকর্তাদের মতে, ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে শৌখিন সংগ্রাহকদের কাছে এই বিশেষ প্রজাতির রানি পিঁপড়ার ব্যাপক চাহিদা রয়েছে।

গ্রেফতারকৃতরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। ঝাংয়ের আইনজীবী ডেভিড লুসওয়েতি সংবাদমাধ্যমকে জানান, “অভিযুক্তরা জানতেন না যে পিঁপড়া দেশের বাইরে নিয়ে যাওয়া আইনত দণ্ডনীয়। তারা কেবল এটি থেকে জীবিকা নির্বাহের একটি পথ খুঁজেছিলেন এবং বিদেশে এগুলো বিক্রির সম্ভাবনা দেখেছিলেন।”

কেনিয়া সরকার তাদের জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত কঠোর। এর আগে গত বছরের মে মাসেও কয়েক হাজার রানি পিঁপড়া পাচারের দায়ে চার ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড অথবা ৭ হাজার ৭০০ ডলার জরিমানা করা হয়েছিল। কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যপ্রাণী বা বিরল পতঙ্গ পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
%d bloggers like this: