বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশব্যাপী নদী ও খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে ‘সাহাপাড়া খাল’ পুনঃখনন কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ঐতিহাসিক ‘খাল খনন’ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।

​দিনাজপুরের সাহাপাড়া এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ খাল খনন কাজের উদ্বোধনের পাশাপাশি প্রধানমন্ত্রী ভার্চুয়ালি দেশের আরও ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। বিএনপি ঘোষিত পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার অঙ্গীকার হিসেবে এই বৃহৎ প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

​এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে পুষ্পমাল্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে তিনি বিশেষ বুলেটপ্রুফ বাসযোগে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হন। পথে তাকে একনজর দেখতে রাস্তার দুপাশে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ভিড় জমে ওঠে।

​উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করবেন।

​বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে উত্তরবঙ্গ জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। দীর্ঘ দিন পর প্রিয় নেতাকে সরাসরি কাছে পেয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মসূচি ও পারিবারিক সফর শেষে আজ রাত সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.