বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কফিতে চুমুক দিয়ে বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু

কফিতে চুমুক দিয়ে বেঁচে থাকার প্রমাণ দিলেন নেতানিয়াহু
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

গুজব ছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি গুরুতর আহত, এমনকি প্রাণহানির খবরও ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে সেই সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এক কাপ কফিতে চুমুক দিয়েই নিজের বেঁচে থাকার বলিষ্ঠ প্রমাণ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার (১৬ মার্চ) নিজের টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করে তিনি বিশ্বকে জানিয়ে দিলেন, তিনি কেবল জীবিতই নন, বরং বেশ ফুরফুরে মেজাজেই আছেন।

আল জাজিরা জানিয়েছে, প্রকাশিত ভিডিওতে নেতানিয়াহুকে জেরুজালেমের শহরতলির একটি ক্যাফেতে কফি পান করতে ও সহযোগীর সঙ্গে আলাপ করতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের মাধ্যমে তিনি মূলত তার মৃত্যু নিয়ে ছড়িয়ে পড়া যাবতীয় গুজবের জবাব দিয়েছেন। ওই ক্যাফে কর্তৃপক্ষও প্রধানমন্ত্রীর সফরের ছবি ও ভিডিও প্রকাশ করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভিডিওতে দেখা যায়, ক্যাফেতে বসে থাকাকালীন এক সহযোগী তাকে মৃত্যুর গুজব সম্পর্কে প্রশ্ন করলে নেতানিয়াহু কিছুটা শ্লেষাত্মক ভঙ্গিতে হাসিমুখে জবাব দেন। তিনি বলেন, “আমি কফির জন্য পাগল। জানেন কি? আমি আমার জনগণের জন্যও পাগল।” তার এই মন্তব্যটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ চর্চিত হচ্ছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকে নেতানিয়াহুর জনসমক্ষে আসা অনেকটাই কমে গিয়েছিল। যদিও তিনি ক্ষতিগ্রস্ত শহর, হাসপাতাল ও সামরিক ঘাঁটি পরিদর্শন করেছেন, তবে সেসব সফরে গণমাধ্যমের উপস্থিতি ছিল অত্যন্ত সীমিত। অধিকাংশ ভিডিও ও ছবি তার দপ্তর থেকেই সরবরাহ করা হতো।

এমনকি দীর্ঘ সময় পর গত ১২ মার্চ তিনি যে প্রথম সংবাদ সম্মেলনটি করেন, সেটিও সরাসরি না হয়ে ভিডিও লিঙ্কের মাধ্যমে হয়েছিল। জনসম্মুখে কফি খাওয়ার এই ভিডিওটি মূলত তার শারীরিক সুস্থতা নিয়ে তৈরি হওয়া সব ধোঁয়াশা দূর করার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.