বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

বাংলাদেশে তেলের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি বা ভোজ্য তেলের সরবরাহে কিছুটা চাপ সৃষ্টি হলেও বাংলাদেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বর্তমানে অন্তত এক মাসের পর্যাপ্ত মজুত রয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকালে কুমিল্লা স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ দোকান মালিক সমিতি কুমিল্লা জেলা শাখার পরিচিতি সভা, ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জনমনে আশ্বস্ত করে বলেন, “তেলের সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বর্তমান মজুতের পাশাপাশি পরবর্তী চালানবাহী জাহাজও এরই মধ্যে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ফলে বাজারে ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।”

বিশ্বের বর্তমান কঠিন পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিদ্যুতের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে। আসন্ন ঈদ মৌসুমে মার্কেটগুলোতে অপ্রয়োজনীয় বা অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করতে হবে।

প্রধানমন্ত্রী কর্তৃক অর্পিত দায়িত্বের গুরুত্ব উল্লেখ করে মোহাম্মদ আমিন উর রশীদ বলেন, “খাদ্য, কৃষি ও প্রাণিসম্পদের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব আমার ওপর দেওয়া হয়েছে, যা সরাসরি মানুষের জীবন-জীবিকার সঙ্গে সম্পৃক্ত। আমি যেন যথাযথভাবে এই দায়িত্ব পালন করে কুমিল্লার মানুষের মুখ উজ্জ্বল করতে পারি, সে জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

কুমিল্লা দোকান মালিক সমিতির সভাপতি সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়া এবং কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক জামাল খন্দকার।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.