রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

শিক্ষকদের সেবা প্রাপ্তিতে এক পয়সার ঘুষও চলবে না:শিক্ষামন্ত্রী

শিক্ষকদের সেবা প্রাপ্তিতে এক পয়সার ঘুষও চলবে না:শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

শিক্ষা ভবনে শিক্ষকদের হয়রানি বন্ধ এবং দীর্ঘদিনের গড়ে ওঠা সিন্ডিকেট পুরোপুরি ভেঙে দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিক্ষকদের সেবা প্রাপ্তিতে কোনো ধরনের ঘুষ বা অনিয়ম সহ্য করা হবে না।

সিন্ডিকেটমুক্ত শিক্ষা ভবনের অঙ্গীকার বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা বেতন-ভাতা, পেনশন বা বদলির মতো সাধারণ কাজের জন্য এসে যেন হয়রানির শিকার না হন। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে। মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “শিক্ষা ভবনে কোনো সিন্ডিকেট থাকবে না, সব ভেঙে দেওয়া হবে। এক পয়সার ঘুষও চলবে না।”

বদলি হবে এআই সফটওয়্যারে বদলিতে তদবির ও অনিয়ম বন্ধে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ঘোষণা দিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ভিত্তিক সফটওয়্যার চালু করা হবে। সেবা প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করতে পুরো বিভাগকে অটোমেশন এবং ডিজিটাল পদ্ধতির আওতায় আনার নির্দেশ দেন তিনি।

সহযোগিতামূলক কর্মপরিবেশের আহ্বান কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, প্রশাসনের অভ্যন্তরে অপ্রয়োজনীয় দূরত্ব কমিয়ে খোলামেলা আলোচনার মাধ্যমে সহযোগিতামূলক পরিবেশ তৈরি করতে হবে। যুক্তির ভিত্তিতে মতামত প্রদান এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে শিক্ষা খাতের সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে গতিশীলতার উদ্যোগ একই দিনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গেও পৃথক বৈঠক করেন মন্ত্রী। সেখানে তিনি জানান, শিক্ষা অবকাঠামো উন্নয়নে অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে জনবল ও সাংগঠনিক কাঠামো বাড়ানোর বিষয়টি বিবেচনাধীন। তবে কাজের গুণগত মান নিয়ে কোনো আপস করা হবে না। নতুন ভবন কেন দ্রুত জরাজীর্ণ হয়ে পড়ে, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়ে তিনি বলেন, ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে সক্ষমতা যাচাই এবং কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.