বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ

আ.লীগ নেতার গোডাউন থেকে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

জামালপুর পৌর শহরে সাবেক এক আওয়ামী লীগ নেতার গোডাউন থেকে পাচারকৃত টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-১৪। রোববার (১ মার্চ) বিকেলে শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত রাইস মিল থেকে এই বিপুল পরিমাণ তেল উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি আভিযানিক দল বাগেরহাটা বটতলার ‘নূর রাইস মিলে’ যৌথ অভিযান পরিচালনা করে। মৃত মনসুর মিয়ার মালিকানাধীন ওই পরিত্যক্ত গোডাউনে তল্লাশি চালিয়ে মাটির নিচে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২টি বোতল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২ লিটার করে ভোজ্যতেল ছিল। উল্লেখ্য, মৃত মনসুর মিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, অবৈধভাবে মজুদ করা এসব বোতল থেকে টিসিবির স্টিকার বা মোড়ক ছিঁড়ে ফেলা হয়েছিল। এমনকি বোতলের মুখের প্লাস্টিকের সিলও তুলে ফেলা হয় যাতে কেউ চিনতে না পারে। তবে কিছু বোতলে মোড়কের অংশ বিশেষ রয়ে যাওয়ায় সেগুলো শনাক্ত করা সহজ হয়েছে। উদ্ধারকৃত তেলের বাইরেও অনেক তেল ইতিমধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সরকারি ভর্তুকি মূল্যের এই পণ্য কালোবাজারে বিক্রির চেষ্টার পেছনের মূল হোতাদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.