প্রকাশের সময় :
ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশে বিচারহীনতার পুরনো সংস্কৃতির পুনরাবৃত্তি এবং সাম্প্রতিক ভয়াবহ কিছু অপরাধের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নরসিংদীতে এক নারীকে গণধর্ষণ ও হত্যা এবং রাজধানীর রামপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সংসদ সদস্য আমির হামজা জানান, নরসিংদীতে ১৫ দিন আগে বখাটেদের হাতে ধর্ষণের শিকার এক নারীর পরিবার বিচারের দাবি তুললে স্থানীয় একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সমঝোতার নামে বিচারিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার এক পর্যায়ে ওই নারীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়। পরে একটি সরিষাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এই ঘটনাকে নতুন বাংলাদেশের স্বপ্নের ওপর ‘বালিচাপা’ দেওয়ার শামিল বলে অভিহিত করেন।
রাজধানীর রামপুরায় ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রশাসনের নির্লিপ্ততার কঠোর সমালোচনা করেন আমির হামজা। তিনি অভিযোগ করেন, ভিক্টিমের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ প্রথমে অনীহা প্রকাশ করে। পরবর্তীতে জনতা থানা ঘেরাও করলে মামলা নিতে বাধ্য হলেও বর্তমানে পরিবারটিকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
৫ই আগস্টের পরবর্তী সময়েও কেন প্রশাসন প্রকৃত দোষীদের বিরুদ্ধে দৃঢ় ব্যবস্থা নিতে পারছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এই সংসদ সদস্য। একইসাথে মূলধারার মিডিয়া, সুশীল সমাজ এবং নারীবাদী সংগঠনগুলোর ‘সিলেক্টিভ প্রতিবাদ’ বা নীরবতা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, “পুরনো বন্দোবস্তের মতো ক্ষমতার অপপ্রয়োগ আর দেখা যাবে না—এমন স্বপ্ন নিয়েই আমরা এগোচ্ছিলাম। কিন্তু বর্তমান পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তুলছে।”
সংসদ সদস্য আমির হামজা দেশের সাধারণ মানুষকে বিচারহীনতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন, কোনোভাবেই বাংলাদেশকে পুরনো সেই অন্ধকার সংস্কৃতিতে ফিরে যেতে দেওয়া হবে না। পরিশেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।