প্রকাশের সময় :
কক্সবাজারের রামুতে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হলো এলাকাবাসী। রাজনৈতিক মামলায় কারাবন্দি দুই ভাই মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়ে এলাকায় ফিরলেও, পুরো সময় তাদের থাকতে হয়েছে পুলিশি পাহারায় ও হাতকড়া পরা অবস্থায়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পানেরছড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এই আবেগঘন দৃশ্য দেখা যায়।
প্যারোলে মুক্তি পাওয়া দুই সহোদর হলেন—রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া গ্রামের ফরিদুল আলম ও মো. ইসমাইল। তারা স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং গত আড়াই মাস ধরে কক্সবাজার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের মা মোস্তফা বেগম (৮০) গত শুক্রবার বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে দুই ভাই শেষবারের মতো দেখার ও জানাজায় অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেন। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়।
জানাজা শুরুর আগে দুই ভাইকে হাতকড়া পরা অবস্থায় অঝোরে কাঁদতে দেখা যায়। উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তারা বলেন, “আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। আমরা কখনো কারো ক্ষতি করিনি।” জীবনের শেষ মুহূর্তে মায়ের সেবা করতে না পারার আক্ষেপ প্রকাশ করে তারা তাদের অসুস্থ বাবার জন্য সবার কাছে দোয়া চান। তাদের এমন বিলাপ দেখে উপস্থিত স্বজন ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্বজনদের দাবি, প্রথমে খুনিয়াপালং ইউনিয়নের একটি মামলায় তাদের আটক করা হয়েছিল। সেই মামলায় জামিন পেলেও পরে দক্ষিণ মিঠাছড়ির একটি মামলা এবং মাহিন চৌধুরী হত্যাচেষ্টা মামলায় তাদের পুনরায় গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে তারা এই মামলাগুলোতেই কারাগারে রয়েছেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের জন্য তাদের প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। জানাজা ও দাফন শেষে বিকেলেই কড়া পুলিশি পাহারায় তাদের পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।