প্রকাশের সময় :
আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে দলটির উচ্চপর্যায়ের এক সভায় এই প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এনসিপি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
দলীয় সূত্র জানায়, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তবে জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি স্বেচ্ছায় উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে সরাসরি দলীয় রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
ঢাকা দক্ষিণ সিটির গুরুত্ব বিবেচনায় এবং তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আসিফ মাহমুদকে এই পদের জন্য যোগ্য মনে করছে জাতীয় নাগরিক পার্টি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে। ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম এই সংগঠক মেয়র হিসেবে নির্বাচিত হলে ঢাকা দক্ষিণে আমূল পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন এনসিপির নেতা-কর্মীরা।