রবিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা

শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে এমপি রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। উত্তেজনার মুখে পুষ্পস্তবক অর্পণ না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় এলাকা ত্যাগ করতে হয় তাকে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত পৌনে ১২টার দিকে সরাইল কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান রুমিন ফারহানা। তিনি ও তার সমর্থকরা পুষ্পস্তবক নিয়ে বেদীর সামনে দাঁড়ালে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী বাধা দেন। এ সময় তারা রুমিন ফারহানাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।

​একপর্যায়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং বিএনপি নেতাকর্মীরা রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রুমিন ফারহানা শ্রদ্ধা নিবেদন ছাড়াই ফিরে যান।

​ঘটনার পর ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন:​ “নিয়ম অনুযায়ী আমি প্রথমে ফুল দিতে গিয়েছিলাম। কিন্তু বিএনপির কিছু নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে স্থানীয় পর্যায়ে শৃঙ্খলা রক্ষা করতে না পারলে এর পরিণতি ভয়াবহ হবে। দলের উচ্চ পর্যায়ের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া, না হলে দলের পাশাপাশি সরকারেরও ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে।”

​এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাতভর উত্তাল ছিল এলাকা। রুমিন ফারহানার সমর্থকরা ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর প্রথম গেট এলাকায় টায়ার জ্বালিয়ে প্রায় এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

​ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফ জানান, “শহীদ মিনারে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও স্লোগান দেওয়ার অভিযোগ পেয়েছি। ভিডিও ফুটেজ দেখে পুরো বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Copyright © 2022 Star News Agency. All rights reserved.