প্রকাশের সময় :
সাভারে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর জুলুম ও চাঁদাবাজির এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন বাবুর বিরুদ্ধে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুই ডাব বিক্রেতার মালামালসহ ভ্যান ছিনতাইয়ের এই ঘটনাটি গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সাভারের রেডিও কলোনি এলাকায় ঘটে। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী ডাব বিক্রেতা নুর আলম ও সাজিবুল ইসলাম রনি জানান, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো তারা রেডিও কলোনি ফুটওভার ব্রিজের নিচে ডাব বিক্রি করছিলেন। বেলা ১১টার দিকে আরমান হোসেন বাবুর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল এসে তাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অত্যন্ত দরিদ্র এই বিক্রেতারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্যাডাররা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাদের মারধর করে প্রায় ২০০ পিস ডাবসহ পুরো ভ্যানটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়। ক্ষুদ্র এই ব্যবসায়ীরা এখন জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।
স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, রেডিও কলোনি এলাকার ফুটপাতের প্রতিটি দোকান থেকে প্রতিদিন ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হয়। জাতীয় নির্বাচনের পর এই চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিতে আরমান হোসেন বাবু অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছেন। নিজেকে স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবুর ঘনিষ্ঠ অনুসারী পরিচয় দিয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন। তার বিরুদ্ধে চাঁদাবাজির পাশাপাশি মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত আরমানের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী জানিয়েছেন, বিষয়টি তারা শুনেছেন তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।