শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

১৭ বছরের খালি পায়ে জুতা পরলেন বিএনপি নেতা সুরুজ পাঠান

১৭ বছরের খালি পায়ে জুতা পরলেন বিএনপি নেতা সুরুজ পাঠান
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

দীর্ঘ ১৭ বছর খালি পায়ে চলার পর অবশেষে নিজের কঠোর প্রতিজ্ঞা ভাঙলেন নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিএনপি নেতা সুরুজ পাঠান। ২০০৮ সাল থেকে নেওয়া সেই শপথ ভেঙে গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি পুনরায় জুতা পরেন।

ঘটনাটি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের দিনের। লেঙ্গুরা ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাগবিতণ্ডার সময় সুরুজ পাঠানের এক পায়ের জুতা কাদায় আটকে হারিয়ে যায়। সেই ক্ষোভ ও অভিমানে তিনি অন্য জুতাটিও ফেলে দেন এবং শপথ করেন— “যতদিন বিএনপি রাষ্ট্রক্ষমতায় না আসবে, ততদিন তিনি খালি পায়ে থাকবেন।”

পেশায় কৃষক এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির এই সভাপতি গত ১৭ বছর রোদ, বৃষ্টি কিংবা হাড়কাঁপানো শীত—সব ঋতুতেই খালি পায়ে চলাফেরা করেছেন। দলের প্রতি এমন বিরল আনুগত্য দেখে স্থানীয়রা তাকে নিয়ে গর্বিত বোধ করতেন।

সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর বিএনপি সরকার গঠন করলে সুরুজ পাঠানের শপথ পূর্ণ হয়। বুধবার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া ও স্থানীয় নেতাকর্মীরা তাকে নতুন একজোড়া জুতা পরিয়ে দেন।

সুরুজ পাঠান আবেগাপ্লুত হয়ে জানান: “আমার ইচ্ছা ছিল তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো জুতা পরব। স্বপ্ন পুরোপুরি সেভাবে না মিললেও, দল ক্ষমতায় আসায় এবং তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ায় আমার দীর্ঘদিনের কষ্ট সার্থক হয়েছে।”

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, সুরুজ পাঠানের এই ত্যাগ দলের তৃনমূল নেতাকর্মীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। এমন একনিষ্ঠ কর্মীদের মূল্যায়নই দলকে আরও সুসংগঠিত করবে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.