শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

স্বাধীনতার পর প্রথম কোনো বিজয়ী এমপি বিরোধী দলে 

স্বাধীনতার পর প্রথম কোনো বিজয়ী এমপি বিরোধী দলে 
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ আসন ঘিরে ছিল ব্যাপক আলোচনা। দীর্ঘ ৪৬ বছর পর বিএনপি এবং প্রায় ২০ বছর পর জামায়াতে ইসলামী এ আসন পুনরুদ্ধারের লড়াইয়ে নামে। শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে নেয় জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি ১ লাখ ২৯ হাজার ৯৭৪ ভোট পেয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমানকে ২৫ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

নির্বাচনের অন্যতম ব্যতিক্রমী দিক হলো—স্বাধীনতার পর এবারই প্রথম পাবনা-১ আসনের বিজয়ী সংসদ সদস্য বিরোধী দলে অবস্থান করছেন। কারণ, এ আসনে জামায়াত জয় পেলেও সরকার গঠন করেছে বিএনপি। ফলে দীর্ঘদিনের রাজনৈতিক ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সীমানা পুনর্নির্ধারণ ছিল বিএনপির পরাজয়ের বড় কারণ। নির্বাচনের আগে বেড়া উপজেলার অংশ বাদ দিয়ে শুধু সাঁথিয়া উপজেলাকে নিয়ে আসন গঠনের সিদ্ধান্তে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। বেড়া বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। পাশাপাশি তুলনামূলক দুর্বল প্রার্থী মনোনয়ন, কেন্দ্রীয় নেতাদের প্রচারে কম সম্পৃক্ততা এবং দলের অভ্যন্তরীণ বিভক্তিও পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

অন্যদিকে, জামায়াতের সংগঠনিক শক্তি, প্রয়াত নেতা মতিউর রহমান নিজামীর প্রভাব এবং নির্বাচনের আগে মাঠপর্যায়ে সক্রিয় প্রচারণা প্রার্থীর বিজয়ে সহায়ক হয়েছে বলে দাবি সমর্থকদের।

পরাজিত বিএনপি প্রার্থী অভিযোগ করেছেন, ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা, কর্মীদের ভয়ভীতি দেখানো ও প্রশাসনের নীরবতার কারণে সুষ্ঠু প্রতিযোগিতা বাধাগ্রস্ত হয়েছে। অভিযোগের বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সব মিলিয়ে ভোট শেষ হলেও পাবনা-১ আসনের ফলাফল ঘিরে রাজনৈতিক বিশ্লেষণ ও আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.