শনিবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না: মেজর হাফিজ

গণভোটে রাজি না হলে নির্বাচন দিত না: মেজর হাফিজ
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে আলোচিত গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই। এই প্রক্রিয়াটি ঢাকার একটি বিশেষ ‘এলিট গোষ্ঠী’ সাধারণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে। সম্প্রতি ভোলার লালমোহন উপজেলার উত্তর বাজার এলাকার মদন মোহন মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মেজর হাফিজ উল্লেখ করেন, বিএনপি প্রাথমিকভাবে এই গণভোটের বিষয়ে একমত ছিল না। তবে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলটির কাছে প্রতীয়মান হয় যে, বিএনপি এই সিদ্ধান্তে রাজি না হলে দেশে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না, এমনকি নির্বাচন অনিশ্চিত হয়ে পড়তে পারে। এমন পরিস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই বৃহত্তর স্বার্থে বিএনপি ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছে।

সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে এই প্রবীণ রাজনীতিক বলেন, সংবিধানের মতো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তনের অধিকার কেবল জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রতিনিধিদের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের দেশ এখনো গণভোটের মতো ব্যবস্থার জন্য উপযুক্ত বা প্রস্তুত নয়।”

গণভোটের প্রচারণা পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন মেজর হাফিজ। তিনি বলেন, যে পদ্ধতিতে এই গণভোটের প্রচার চালানো হয়েছে, তার মধ্যে নানাবিধ বিভ্রান্তি রয়েছে। সাধারণ মানুষের কাছে বিষয়টি পরিষ্কার নয় এবং এটি চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া হিসেবেই দৃশ্যমান হচ্ছে। মতবিনিময় সভায় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.