সর্বশেষ :

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ট্রাম্প

ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র


অনলাইন ডেস্ক
প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২০, ২০২৬ । ৯:১২ পূর্বাহ্ণ
ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ভয়াবহ সামরিক অভিযান চালানোর জন্য পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরাইল। ইসরাইলি সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’-এর বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এই হামলার জন্য তেল আবিব এখন কেবল যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় রয়েছে। পেন্টাগন ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে ব্যাপক বিমান ও নৌবাহিনী মোতায়েন করেছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০টি মার্কিন যুদ্ধবিমান এই অঞ্চলে পৌঁছেছে। হোয়াইট হাউজকে জানানো হয়েছে যে, সামরিক বাহিনী যেকোনো মুহূর্তে অভিযানের জন্য প্রস্তুত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার পক্ষে-বিপক্ষে বিভিন্ন যুক্তি পর্যালোচনা করছেন এবং এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেননি।

এদিকে, সম্ভাব্য এই হামলা মোকাবিলায় ইরান তাদের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো কংক্রিট ও মাটি দিয়ে ঢেকে সুরক্ষিত করার চেষ্টা করছে, যা স্যাটেলাইট ছবিতে স্পষ্ট ধরা পড়েছে। ইরানের পারমাণবিক শক্তি প্রধান মোহাম্মদ এসলামী এক বিবৃতিতে দৃঢ়ভাবে জানিয়েছেন যে, কোনো দেশই ইরানকে পারমাণবিক সমৃদ্ধির অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

তিনি স্পষ্ট করেছেন যে, পারমাণবিক জ্বালানি তাদের শিল্পের মূল ভিত্তি। অন্যদিকে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দেশটির উদ্ধারকারী সংস্থা ও হোম ফ্রন্ট কমান্ডকে যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। ইসরাইলি গণমাধ্যমের দাবি, এবারের হামলা হবে অত্যন্ত ব্যাপক এবং তা কয়েক সপ্তাহব্যাপী চলতে পারে।

হোয়াইট হাউজের সিচুয়েশন রুমে জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেও প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনীতিকে প্রাধান্য দিচ্ছেন বলে জানিয়েছেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। এর আগে জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে হওয়া পরোক্ষ আলোচনার বিষয়ে ট্রাম্পকে ব্রিফ করেন। জেনেভায় দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও এখনো কোনো সুনির্দিষ্ট সমাধান আসেনি।

বিশেষজ্ঞদের মতে, সরাসরি যুদ্ধের চেয়ে ইরানকে হুমকির মুখে রেখে নতুন কোনো চুক্তিতে বসানোই ট্রাম্পের আসল উদ্দেশ্য হতে পারে। তবে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলোতে বর্তমানে ‘সর্বোচ্চ সতর্কতা’ জারি করা হয়েছে এবং যেকোনো সময় পরিস্থিতি বড় ধরনের সংঘাতের দিকে মোড় নিতে পারে।

পুরোনো সংখ্যা

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
%d bloggers like this: