শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ভারতের সফর বাতিল হলে ৫-১০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট!

ভারতের সফর বাতিল হলে ৫-১০ বছর পিছিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট!
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

চলতি বছরের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে সৃষ্ট সাম্প্রতিক অস্থিরতার কারণে ভারত যদি এই সফর বাতিল করে, তবে বাংলাদেশের ক্রিকেট ৫ থেকে ১০ বছর পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক।

সম্প্রতি ‘রেভস্পোর্টজ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে এই উদ্বেগজনক মন্তব্য করেন।

সাক্ষাৎকারে সৈয়দ আশরাফুল হক টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে সরকারের নেওয়া কিছু সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, আইপিএলে মোস্তাফিজুর রহমানকে খেলতে না দেওয়ার অজুহাতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার যে প্রাথমিক অবস্থান নেওয়া হয়েছিল, তা কোনোভাবেই যুক্তিযুক্ত ছিল না।

বিশেষ করে ক্রীড়া উপদেষ্টার কথায় প্রভাবিত হয়ে সরকারের এমন কঠোর অবস্থান নেওয়া ঠিক হয়নি বলে তিনি মনে করেন। তার মতে, বর্তমান সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো ভারতকে রাজি করিয়ে এই দ্বিপাক্ষিক সিরিজটি সফলভাবে আয়োজন করা।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভূমিকার সমালোচনা করে তিনি আরও দাবি করেন যে, বাংলাদেশ দলকে ভারতের বিপক্ষে না খেলার জন্য উস্কানি দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।

আশরাফুল হকের মতে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সেই প্ররোচনায় অনেকটা “বাচ্চা ছেলের মতো” প্রভাবিত হয়েছিলেন। তবে দিনশেষে পাকিস্তান ঠিকই ভারতের বিপক্ষে মাঠে নেমেছে। উদাহরণ হিসেবে তিনি গত ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচের কথা উল্লেখ করেন, যেখানে পাকিস্তান পরাজিত হলেও নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছিল। এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ আবেগী সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষতি করছে বলে তিনি মন্তব্য করেন।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.