শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পুনর্বাসনের নেপথ্যে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের কার্যালয় খোলা ও পুনর্বাসনের নেপথ্যে বিএনপির ‘গ্রিন সিগন্যাল’: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

নওগাঁ, গোপালগঞ্জ, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা এবং পতাকা উত্তোলনের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দাবি করেছেন, ক্ষমতাসীন বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ বা পরোক্ষ সমর্থন ছাড়া আওয়ামী লীগের পক্ষে এমন দুঃসাহস দেখানো সম্ভব ছিল না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নতুন সরকারের মন্ত্রিসভা নিয়ে পর্যালোচনার উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, এবারের নির্বাচনে ভারত, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এক রহস্যজনক ‘যোগসাজশ’ পরিলক্ষিত হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, প্রশাসনের নজরদারি এড়িয়ে কীভাবে একটি নিষিদ্ধ সংগঠনের কার্যালয়গুলো আবার সচল হচ্ছে? আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের যেকোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “অবিলম্বে প্রশাসনিকভাবে এসব কার্যালয় বন্ধ করতে হবে। প্রশাসন ব্যর্থ হলে আমরা রাজনৈতিকভাবে প্রতিরোধের ডাক দেব এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায়ে এই সরকারকেও কাঠগড়ায় দাঁড় করানো হবে।”

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের জবাবদিহি দাবি করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমকে ব্যাপকভাবে প্রচার করায় কিছু গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তিনি স্পষ্ট জানান, গণআকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে কোনো অপশক্তিকে পুনর্বাসিত হতে দেওয়া হবে না।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.