শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

রাজশাহীর ছয় আসনে বিএনপির দখলে চারটি, জামায়াতের ঝুলিতে দুইটি

রাজশাহীর ছয় আসনে বিএনপির দখলে চারটি, জামায়াতের ঝুলিতে দুইটি
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

রবিউল ইসলাম,রাজশাহীঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাকি দুইটিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে দীর্ঘ প্রায় চার দশক পর সংসদে ফিরেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৭৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯০২ ভোট। উল্লেখ্য, অধ্যাপক মুজিবুর রহমান সর্বশেষ ১৯৮৬ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
রাজশাহী-২ (সদর) আসনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৫৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর পেয়েছেন ১ লাখ ৩৭০ ভোট। মিজানুর রহমান মিনু এর আগে দুইবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ সালে সংসদ সদস্য ছিলেন।
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন জয়লাভ করেন। তিনি পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৩১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯২৭ ভোট।
অন্যদিকে, রাজশাহী-৪ (বাগমারা) আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ২২৬ ভোট। বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৪৬১ ভোট।
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল। তিনি পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা মনজুর রহমান পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ ভোট।
সবশেষে, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বিএনপির প্রার্থী আবু সাঈদ চাঁদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৭২ ভোট। জামায়াত প্রার্থী নাজমুল হক পেয়েছেন ৯২ হাজার ৯৬৫ ভোট।
এই নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে রাজশাহীতে বিএনপি ও জামায়াতের আসনভিত্তিক শক্তির চিত্র নতুন করে স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.