শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

র‍্যাবের হাতে গ্রেফতার মাদক সম্রাট আমিনুল

র‍্যাবের হাতে গ্রেফতার মাদক সম্রাট আমিনুল
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

মোঃ মানিক হোসেন : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সম্রাট আমিনুলকে ৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন প্যাকেজিংরত অবস্থায় অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব।

শনিবার (১৭ জুন) রাত সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর হাকিমপুর টুকপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক সম্রাট আমিনুল (৩৭) হলেন মঞ্জুর আলীর ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি কোম্পানী অপারেশন পরিচালনা করে হেরোইন-০৩ কেজি ১৮৯ গ্রাম হেরোইন, একটি ওয়ান শুটারগান, একটি মাদক প্যাকেটজাত মেশিন, একটি মোবাইল, একটি সীমকার্ড, নগদ ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করেছে বলে জানা গেছে।

র‍্যাব জানায়, সীমান্তবর্তী হাকিমপুর এলাকাটি মাদক চোরাচালানের একটি অন্যতম রুট হিসেবে মাদক চোরাকারবারিরা দীর্ঘদিন যাবত ব্যবহার করছে। এলাকাটি পদ্মানদীর পাড়ে হওয়ায় নদী পথে সীমান্তের ওপার থেকে নৌকার মাধ্যমে মাদক ঐ এলাকায় প্রবেশ করে, যা পরবর্তীতে সারাদেশে ছড়িয়ে দেওয়া হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি টিম জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী পদ্মা নদীর পাড়-সংলগ্ন হাকিমপুর এলাকায় মাদকের একটি বড় চালান মাদক সম্রাট আমিনুল চোরাচালান করে এনেছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর আভিযানিক দল দুইটি ভাগে বিভক্ত হয়ে কাজ শুরু করে। একটি দল উত্তাল পদ্মা নদীতে নৌকা করে এবং অপর দলটি স্থলভাগে রাস্তা দিয়ে মাদক সম্রাট আমিনুলের বাড়ীর এলাকায় পৌঁছায়।

উভয় দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তথ্য বিশ্লেষণ করে বাড়ীটি শনাক্ত করতে সক্ষম হয় এবং তৎক্ষণাৎ বাড়ীটি ঘেরাও করে। এসময় আটককৃত আমিনুলকে হেরোইন প্যাকেজিংরত অবস্থায় আটক করা হয়।
এরপর এলাকাবাসীর উপস্থিতিতে বাড়ীটি তল্লাশি করলে আমিনুল নিজে তার শয়ন কক্ষের টেবিলের নিচ থেকে একটি প্লাস্টিকের কৌটা থেকে অবৈধ হেরোইন এর বড় অংশ ও বিপুল পরিমাণ মোটা পলিথিনের প্যাকেট বের করে দেয়। আভিযানিক দলের কাছে তথ্য ছিল আমিনুল মাদক চোরাচালানের সময়ে অস্ত্র বহন করত।

সিপিএসসি এর আভিযানিক দল অধিকতর তল্লাশি শুরু করলে আমিনুলের শয়ন কক্ষের বিছানার পাশে রাখা ট্রাংকের ভেতর থেকে অবৈধ ওয়ান শুটার গানটি উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত বিপুল পরিমাণ হেরোইন ও অবৈধ অস্ত্রটি যে তার সে কথা স্বীকার করে। মাদকগুলো ঢাকাসহ সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় পাচার করতেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করে। মাদক, অস্ত্র কিংবা জঙ্গীবাদের বিরুদ্ধে র‌্যাবের এধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.