বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দেশের প্রতিটি জেলায় শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

দেশের প্রতিটি জেলায় শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশের সময় :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে দেশের প্রতিটি বিভাগীয় শহরে ১টি করে শিশু হাসপাতাল স্থাপনের জন্য নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে দেশের প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপনের সরকারের পরিকল্পনা রয়েছে।’

সরকারি দলের সদস্য নিজাম উদ্দিন হাজারীর অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে বিদ্যমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহের চিকিৎসা সেবার মান উন্নয়নকল্পে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ইউনিয়ন পর্যায়ে ১৫৯টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র নির্মাণ ও ৬ ক্যাটাগরির ১ হাজার ৫৯০টি পদ সৃজন করা হয়েছে। ইতোমধ্যে ৩৬৭ জন চিকিৎসক নিয়োগ দেয়া হয়েছে।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস, ২০২২ উপলক্ষ্যে ২০২২ সালের ১৮ অক্টোবর ২৪/৭ নিরাপদ প্রসবসেবা নিশ্চিত করার লক্ষ্যে ১ম ফেইজে ৫০০টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এবং নিরাপদ প্রসবসেবা প্রদান করা হচ্ছে।

২য় ও ৩য় ফেইজে আরও ১ হাজার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়নে রূপান্তরের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে বর্তমানে।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩ হাজার ৩৬৬টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পুরনো ২৪টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নবসৃষ্ট ১৩০টি ১০ শয্যা বিশিষ্ট ইউনিয়ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মাধ্যমে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি ও সাধারণ রোগীর সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

Copyright © 2022 Star News Agency. All rights reserved.